ভয়েচ অফ আমেরিকা (ভিওএ) বাংলা জরিপঃ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়ার পক্ষে ৫৭% মানুষ
বাংলাদেশের ৫৭ শতাংশ মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়ার পক্ষে, অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন ৩৫ দশমিক ৫ শতাংশ।
আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা উচিৎ না রাজনীতি করতে দেয়া উচিত, ভয়েস অফ আমেরিকা বাংলার জরিপে এক প্রশ্নের উত্তরে উত্তরদাতারা এমন মতামত দিয়েছেন। উত্তরদাতাদের ৪ দশমিক ৯ শতাংশ এ ব্যাপারে জানেন না বলেছেন আর ২ দশমিক ৬ শতাংশ এ প্রশ্নের উত্তর দিতে রাজি হননি।
অন্য উত্তরদাতাদের তুলনায় ১৮ থেকে ৩৪ বছর বয়সী তরুণ উত্তরদাতারা (৩৯ দশমিক ৯ শতাংশ) আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে বেশি সংখ্যায় মত দিয়েছেন। অন্যদিকে ৩৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী উত্তরদাতাদের ৩০ দশমিক ৮ শতাংশ আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে।
ভয়েস অফ আমেরিকা বাংলার তত্ত্বাবধানে, বাংলাদেশে দেশব্যাপী এক জরিপের ফলাফলে এসব তথ্য জানা গেছে।
গত ৫ অগাস্ট ছাত্রদের নেতৃত্বে একটি গণঅভ্যুত্থানে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর অগাস্টের ৮ তারিখ ডক্টর মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার বাংলাদেশের শাসনভার গ্রহণ করে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কেমন আছে বাংলাদেশ, এ নিয়ে কী ভাবছেন দেশের নাগরিকরা, এ বিষয়ে অক্টোবরের ১৩ থেকে ২৭ তারিখ, ভয়েস অফ আমেরিকা দেশব্যাপী একটি জরিপ করে।
জরিপটি ভয়েস অফ আমেরিকা বাংলার এডিটোরিয়াল নির্দেশনা অনুযায়ী পরিচালনা করে গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেড। ভয়েস অফ আমেরিকার ঠিক করে দেয়া সুনির্দিষ্ট (ক্লোজ এন্ড) প্রশ্নমালার উপর ভিত্তি করে কম্পিউটার এসিস্টেড টেলিফোন ইন্টারভিউইং এর মাধ্যমে দেশের আটটি বিভাগে ১৮ বছর বা এর চেয়ে বেশি বয়সী এক হাজার মানুষের মধ্যে জরিপটি পরিচালিত হয়।এখানে উল্লেখ করা প্রয়োজন জরিপটিতে মার্জিন অফ এরর ৩.১ শতাংশ। জরিপটির উত্তরদাতারা প্রায় একমাস আগে যেহেতু তাদের মতামত জানিয়েছেন তাই এখন জরিপটি করলে এর ফলাফল অনেকক্ষেত্রেই ভিন্ন হতে পারে।
এই জরিপের ফলাফল নিয়ে কয়েকদিন ধরে কয়েক পর্বে প্রতিবেদন প্রকাশ করছে ভয়েস অফ আমেরিকা। জরিপের ফলাফল নিয়ে এটি দ্বিতীয় পর্ব।
আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চান নিষিদ্ধ করার পক্ষের ৫৪ দশমিক ১ শতাংশ
আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে কতদিনের জন্য করা উচিৎ? এমন প্রশ্নের জবাবে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিৎ বলে মত দিয়েছেন সেসব উত্তরদাতাদের অর্ধেকের বেশি, ৫৪ দশমিক ১ শতাংশ উত্তরদাতা বলেছেন, আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা উচিৎ।
নিষিদ্ধের পক্ষে মত দেয়া উত্তরদাতাদের ১৫ দশমিক ২ শতাংশ দেখতে চান আওয়ামী লীগকে ১০ বছরের বেশি সময় নিষিদ্ধ করা হয়েছে আর ৫ থেকে ১০ বছর নিষিদ্ধ করা হয়েছে দেখতে চান ৮ দশমিক ৯ শতাংশ।
আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে মত দেয়া উত্তরদাতাদের ১১ দশমিক ২ শতাংশ চান ১ থেকে ৫ বছর নিষিদ্ধ আর ৩ দশমিক ৩ শতাংশ বলেছেন তারা ১ বছরের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে।
রুণ উত্তরদাতাদের (১৮ থেকে ৩৪) ৫৩ দশমিক ৯ শতাংশ এবং ৩৫ বা তার চেয়ে বেশি বয়সী ৬০ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা আওয়ামী লীগকে রাজনীতি চালিয়ে যেতে দেয়ার পক্ষে মত দিয়েছেন। নারী উত্তরদাতাদের মধ্যে ৫২ দশমিক ২ ও পুরুষদের মধ্যে ৬১ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা চান আওয়ামী লীগকে রাজনীতি চালিয়ে যেতে দেয়া হোক। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া উচিৎ বলে মনে করেন গ্রামীণ উত্তরদাতাদের ৫৭ দশমিক ১ শতাংশ ও শহরের উত্তরদাতাদের ৫৬ দশমিক ৭ শতাংশ।
অন্যদিকে, আওয়ামী লীগকে রাজনীতিতে থেকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন তরুণ উত্তরদাতাদের (১৮ থেকে ৩৪) ৩৯ দশমিক ৯ এবং ৩৫ বা তার চেয়ে বেশি বয়সী উত্তরদাতাদের ৩০ দশমিক ৮ শতাংশ। শহরের উত্তরদাতাদের ৩৮ দশমিক ২ এবং গ্রামীণ উত্তরদাতাদের ৩৪ দশমিক ৬ শতাংশ আওয়ামী লীগকে নিষিদ্ধ দেখতে চান। নারীদের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ চান ৩৮ দশমিক ৭ ও পুরুষদের মধ্যে ৩২ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা।
আওয়ামী লীগ নেতাদের নিষিদ্ধ করার পক্ষে ৪৬ দশমিক ৮ শতাংশ, ৪৫ দশমিক ৮ শতাংশ তাদের রাজনীতি করতে দেয়ার পক্ষে ওদিকে আওয়ামী লীগের নেতাদের রাজনীতিতে অংশগ্রহণ কি নিষিদ্ধ করা উচিৎ না রাজনীতি করতে দেয়া উচিৎ, এমন প্রশ্নের জবাবে, আওয়ামী লীগ নেতাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন ৪৬ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা, যদিও প্রায় সমান সংখ্যক ৪৫ দশমিক ৮ শতাংশ তাদের রাজনীতি করে যেতে দেয়া ও নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়ার পক্ষে।
৪ দশমিক ২ শতাংশ, এ ব্যাপারে জানেন না আর ৩ দশমিক ১ শতাংশ উত্তরদাতা, এ বিষয়ে উত্তর দিতে রাজি হননি।বয়স্ক উত্তরদাতাদের তুলনায় তরুণরা আওয়ামী লীগ নেতাদের রাজনীতি থেকে নিষিদ্ধের পক্ষে বেশি সংখ্যায় মত দিয়েছেন। ১৮ থেকে ৩৪ বছর বয়সী উত্তরদাতাদের ৫২ দশমিক ১ শতাংশ ও ৩৫ ও তার চেয়ে বেশি বয়সী উত্তরদাদের ৪১ দশমিক ৩ শতাংশ আওয়ামী লীগ নেতাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করার পক্ষে।
শহরের উত্তরদাতাদের ৪৮ দশমিক ৮ শতাংশ, গ্রামীণ উত্তরদাতাদের ৪৬ দশমিক ২, পুরুষদের ৪৪ দশমিক দশমিক ৪, নারীদের ৪৯ দশমিক ৩, তরুণদের (১৮ থেকে ৩৪) ৫২ দশমিক ১ এবং ৩৫-এর উর্ধ্বে উত্তরদাতাদের ৪১ দশমিক ৩ শতাংশ আওয়ামী লীগ নেতাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন।
এ ব্যাপারে উত্তর দিতে চাননি ১ দশমিক ৮ ও জানেন না বলেছেন ৫ দশমিক ৫ শতাংশ।- সূত্রে- ভয়েচ
অফ আমেরিকা (ভিওএ) বাংলা



0 Comments