চূড়ান্ত হল কাতার বিশ্বকাপের ৩২ দল
গত এপ্রিলে ২৯টি দল নিয়ে হয়েছিল কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। বাকি ৩ দলকে সম্ভাব্য তালিকায় রেখে অনুষ্ঠিত হয়েছিল এই ড্র। গেল রাতে শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে কোস্টারিকা। এর মধ্যে দিয়েই চূড়ান্ত হয়ে গেছে ৩২টি দলের নাম।
এর আগে গত ৬ জুন ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়েছে ওয়েলস। ১৪ জুন পেরুকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে কাতারের টিকিট পায় অস্ট্রেলিয়া। ৩১তম দল হিসেবে এই যোগ্যতা অর্জন করে সকারুরা। মঙ্গলবার রাতে নিউজিল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে শেষ দল হিসেবে জায়গা করে নিয়েছে কোস্টারিকা।
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মর্যাদার আসর ‘ফিফা বিশ্বকাপ ২০২২’ এর এবারের আসর অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। সাধারণত বছরের মধ্যাহ্নের সময় এ মহাযজ্ঞের আয়োজন করা হলেও মরুতীর্থ কাতারের তীব্র গরমের কারনে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে শীতকালে। তাই এবার বিশ্বকাপ মাঠে গড়াবে নভেম্বর-ডিসেম্বরে।
এ প্রতিযোগিতার তালিকায় থাকা ৩২ দেশের মধ্যে ৩১ দেশকেই মূল পর্বে আসতে পাড়ি দিতে হয়েছে বাছাই পর্ব। কেবল স্বাগতিক দেশ হিসেবে সরাসরি মূলপর্বে অংশগ্রহণের টিকেট পেয়েছে কাতার। বাকি ৩১ দল নিজ নিজ মহাদেশীয় বাছাই পর্ব পেরিয়ে পেয়েছে কাতারের টিকিট।
আফ্রিকা (সিইএফ), এশিয়া (এএফসি), ইউরোপ (উয়েফা), উত্তর আমেরিকা/মধ্য আমেরিকা/ক্যারিবিয়ান (কনক্যাকাফ) ও দক্ষিণ আমেরিকা (কনমেবল) অঞ্চলের কনফেডারেশনের অধীনে দেশগুলো বাছাই পর্বে অংশ নিয়েছে।
সুযোগ পাওয়া এ ৩২ দেশ আট গ্রুপে ভাগ হয়ে লড়বে গ্রুপ পর্বের লড়াই। ইংরেজি বর্ণমালার প্রথম ৮ বর্ণ- এ, বি, সি, ডি, ই, এফ, জি এবং এইচ অনুসারে গ্রুপগুলো চিহ্নিত করা হয়। কোন গ্রুপে কে থাকবে তা লটারির মাধ্যমে গত এপ্রিলেই নির্ধারণ করা হয়েছে।
এক নজরে বিশ্বকাপের আট গ্রুপ ৩২ দলের তালিকা :
গ্রুপ এ: কাতার, ইকুয়েডর, নেদারল্যান্ডস, সেনেগাল।
গ্রুপ বি: ইংল্যান্ড, ইরান, যুক্তরাষ্ট্র, ওয়েলস।
গ্রুপ সি: আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড।
গ্রুপ ডি: ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, তিউনিসিয়া।
গ্রুপ ই: স্পেন, কোস্টারিকা, জার্মানি, জাপান।
গ্রুপ এফ: বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া।
গ্রুপ জি: ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন।
গ্রুপ এইচ: পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া।


0 Comments