ইসরায়েলের গাজার ভবিষ্যৎ নির্ধারণের অধিকার নেই
সম্প্রতি অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের প্রকাশ্য উচ্ছেদের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের দুই উগ্রপন্থি মন্ত্রী। তাদের এমন ঘোষণার প্রেক্ষিতে ‘গাজা ফিলিস্তিনের ভূখণ্ড এবং এটির ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ইসরায়েলের নেই’বলে মন্তব্য করেছে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোন্না।
শুক্রবার ৫ জানুয়ারি-২০২৪ ইং যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে ফরাসি মন্ত্রী বলেন, ‘গাজার ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ইসরায়েলের নেই, সেটি ফিলিস্তিনিদের ভূখণ্ড। আমাদের আন্তর্জাতিক আইনের মূলনীতিতে ফিরে যেতে হবে এবং এই নীতিকে সম্মান জানাতে হবে।’
ক্যাথরিন কোলোন্না তিনি আরও বলেন, “ইসরায়েলি মন্ত্রীদের এ ধরনের ঘোষণা ‘দায়িত্বহীন’ এবং এটি আমাদের ‘বাস্তবতা থেকে দূরে সরিয়ে নিচ্ছে।’ এছাড়া এ ধরনের মন্তব্য ইসরায়েলের দীর্ঘকালীন পরিকল্পনারও পরিপন্থি।” ফরাসি মন্ত্রী বলেন,‘গাজা ফিলিস্তিনের ভূখণ্ড। যেটি ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হতে চায়। আমরা দুই রাষ্ট্রনীতিকে সমর্থন জানাই। যেটি একমাত্র কার্যকরী সমাধান। ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রে গাজা এবং পশ্চিম তীরকে অবশ্যই ফিলিস্তিনের অংশ হতে হবে।’ লেবাননসহ অন্যান্য অঞ্চলে যেন যুদ্ধ ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখারও আহ্বান জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী।

0 Comments